উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ী থানার অন্তর্গত কদমতলা বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি ছুটির সুযোগকে কাজে লাগিয়ে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে দুর্বৃত্তরা সরকারি কাজে ব্যবহৃত মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ উপকরণ চুরি করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত পাঠদান শেষে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অফিসে তালা লাগিয়ে চলে যান। খার্চি পূজা উপলক্ষে সরকারি ছুটির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় গভীর রাতে দুর্বৃত্তরা জানালার লোহার রড ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে।অভিযোগ, অফিসে ঢুকে একাধিক আলমারি ও লকারের তালা ভেঙে তছনছ চালানো হয়। সরকারি কাজে ব্যবহৃত কম্পিউটারের যন্ত্রাংশ, ইলেকট্রনিক সরঞ্জামসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়ে যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্রও এলোমেলো করে রেখে যাওয়ায় প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।বুধবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাসিন্দা বিদ্যালয়ের ভেতরে আলো জ্বলতে দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে বিদ্যালয়ে গিয়ে জানালার রড ভাঙা ও অফিস কক্ষ লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কালামকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে চুড়াইবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।ঘটনা প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কালাম জানান, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো নাইট গার্ড নেই। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তাঁর মতে, বিদ্যালয়ে রাতের নিরাপত্তা থাকলে হয়তো এই ঘটনা এড়ানো সম্ভব হতো।সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে চুরি হওয়া সরকারি সামগ্রী উদ্ধার, দোষীদের গ্রেপ্তার এবং বিদ্যালয়ে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।
সরকারি ছুটির সুযোগে স্কুলে দুঃসাহসিক চুরি! তছনছ অফিস, উধাও সরকারি ইলেকট্রনিক সামগ্রী
